ফুলেল শুভেচ্ছা ও সম্মাননায় বিদায় নিলেন কেএমপি পুলিশ কমিশনার


খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আয়োজনে শনিবার (১ আগস্ট, ২০২৬) সকাল ১০টায় কেএমপি পুলিশ লাইন্স ড্রিলশেডে গ্র্যান্ড কল্যাণ সভা ও এক সুশৃঙ্খল, বর্ণিল এবং হৃদয়ছোঁয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা বলেন, প্রতিটি কর্মস্থলই কিছু স্মৃতি, অর্জন ও অনন্য মানুষের সাক্ষী হয়ে থাকে। বদলিজনিত কারণে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের বিদায় খুলনা মহানগর পুলিশের জন্য একটি আবেগঘন মুহূর্ত। দায়িত্ব পালনকালে তিনি পেশাদারিত্ব, সততা, মানবিকতা ও দূরদর্শী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনবান্ধব পুলিশিং, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জনে তাঁর আন্তরিক প্রচেষ্টা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
তারা আরও বলেন, একজন ভালো পুলিশ কর্মকর্তা হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি—এই মূল্যবোধ তিনি তাঁর কর্মজীবনের মাধ্যমে তুলে ধরেছেন। তাঁর নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও মানবিক মূল্যবোধ খুলনা মহানগর পুলিশের প্রতিটি সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বিদায়ী পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা তাঁর বক্তব্যে বলেন, মানুষের পাশাপাশি আল্লাহর সৃষ্ট প্রতিটি প্রাণীর প্রতি ভালোবাসা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ছোট ছোট মানবিক উদ্যোগই একটি সুন্দর সমাজ গঠনের ভিত্তি। একজন পুলিশ সদস্যের সবচেয়ে বড় শক্তি তার মানবিক আচরণ, সততা, আত্মসমালোচনা এবং জনগণের প্রতি আন্তরিক সেবা।
তিনি পুলিশ সদস্যদের কল্যাণ, মানসিক সুস্থতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিভেদ নয় ঐক্য, প্রতিশোধ নয় ক্ষমা ও সংশোধন, এবং ক্ষমতার প্রদর্শন নয় বরং সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
খুলনা মহানগর পুলিশের সব সদস্যের আন্তরিকতা, ত্যাগ ও নিষ্ঠার প্রশংসা করে তিনি ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণ, মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স); এম. এম. শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি), সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) (ভারপ্রাপ্ত) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।











