July 1, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • দক্ষ ও অর্ধদক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ মরক্কোর

দক্ষ ও অর্ধদক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ মরক্কোর

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বৌথাইনা এল কেরদৌদি এল কৌলালি বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে বাংলাদেশ ও মরক্কোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক খাত, জাহাজ নির্মাণ শিল্প এবং জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মরক্কোর রাষ্ট্রদূত বলেন, আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের জন্য মরক্কো একটি কৌশলগত কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বিশেষ করে তৈরি পোশাক, ওষুধশিল্প এবং সামুদ্রিক খাতে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে যৌথ বিনিয়োগ ও যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) গড়ে তোলার প্রস্তাব দেন। পাশাপাশি দক্ষ ও অর্ধদক্ষ বাংলাদেশি জনশক্তি নিয়োগসহ সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি (মিউচুয়াল ভিসা ওয়েভার অ্যাগ্রিমেন্ট) এবং নিয়মিত দ্বিপাক্ষিক সংলাপ ও উচ্চপর্যায়ের সফর বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Scroll to Top