April 19, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বর্তমান সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে: মাহদী আমিন

বর্তমান সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে: মাহদী আমিন

Image

ডেস্ক রিপোর্টঃ

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত দুই মাসে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার সফলভাবে দুই মাস পূর্ণ করেছে এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা রাখছে।

তিনি দাবি করেন, দীর্ঘ সময়ের স্বৈরশাসন পরবর্তী সময়ে সরকারের এই অগ্রযাত্রা দেশকে নতুন পথে এগিয়ে নিচ্ছে। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অর্জিত বিজয়কে গণতন্ত্রের পুনরুত্থান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি দেশি-বিদেশি মহলে প্রশংসিত হয়েছে।

সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মুখপাত্র জানান,

  • নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ৩৭ হাজারের বেশি পরিবারকে মাসিক ২,৫০০ টাকা সহায়তা দেওয়া হচ্ছে।
  • কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হয়েছে এবং ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে।
  • ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।
  • জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানি যুক্ত করা হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান, প্রবাসী কার্ড চালু, হজের খরচ কমানো এবং বিদেশে শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের পদক্ষেপ হিসেবে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং শিক্ষার্থীদের ভর্তি ফি বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার জন্য জামানতবিহীন ব্যাংক গ্যারান্টির ব্যবস্থাও করা হয়েছে।

অর্থনীতির বিষয়ে মাহদী আমিন বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং বিদেশি বিনিয়োগ সহজীকরণে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, রাষ্ট্রীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে অবস্থান করছেন এবং ভিভিআইপি সুবিধা সীমিত করেছেন। মন্ত্রীদের জন্য শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্তও কার্যকর হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিবসহ প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারা।

মাহদী আমিন বলেন, সরকার তথ্যভিত্তিক কার্যক্রমের মাধ্যমে অপপ্রচার মোকাবিলা করবে এবং বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানায়। তিনি আশা প্রকাশ করেন, ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

Scroll to Top