March 12, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), ডেপুটি স্পিকার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), ডেপুটি স্পিকার কায়সার কামাল

Image

ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ, ২০২৬) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং ব্যারিস্টার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন সরকার দলীয় জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, স্পিকার পদে একটিমাত্র মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নটি ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামে। তিনি এ দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন বলেও জানান সভাপতি।

এরপর প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানানো হয়। নুরুল ইসলাম প্রস্তাব উত্থাপন করলে তা সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হিসেবে নির্বাচিত হন।

অধিবেশনে আরও জানানো হয়, ডেপুটি স্পিকার পদেও একটিমাত্র মনোনয়নপত্র জমা পড়েছে। সেটি ছিল নেত্রকোনা-1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নামে। তিনিও এ দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন।

পরবর্তীতে প্রস্তাব উত্থাপনের জন্য সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদারের প্রতি আহ্বান জানানো হয়। তিনি প্রস্তাব উত্থাপন করলে তা সমর্থন করেন আরেক হুইপ এবিএম আশরাফ উদ্দীন নিজান। এতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।

Scroll to Top