April 26, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • পোশাক খাতের ভবিষ্যৎ নির্মাণে বিজিএমইএ সভাপতির বহুমুখী পরিকল্পনা গ্রহণ

পোশাক খাতের ভবিষ্যৎ নির্মাণে বিজিএমইএ সভাপতির বহুমুখী পরিকল্পনা গ্রহণ

Image

বিজনেস ডেস্কঃ

দেশের তৈরি পোশাক খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিজিএমইএ ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

পরিচালক ফয়সাল সামাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিজিএমইএ’র বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানবৃন্দ অংশগ্রহণ করেন। সভাটি ছিল প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক, যেখানে বক্তারা তাদের নিজ নিজ কমিটির দায়িত্ব তুলে ধরার পাশাপাশি দেশের পোশাক শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতামত প্রদান করেন।

সভায় সভাপতি মাহমুদ হাসান খান বাবু উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তার নেতৃত্বাধীন বোর্ডের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

সভাপতির বক্তব্যের উল্লেখযোগ্য দিকসমূহ:

সভায় সভাপতির বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ ও পরিকল্পনার কথা উঠে আসে। এর মধ্যে রয়েছে—

  • নন-বন্ড সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ
  • এফওসি (FOC) সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক দ্বিপাক্ষিক বৈঠক অব্যাহত রাখা
  • বন্ধ ও রুগ্ন কারখানার ব্যাংকিং সমস্যা সমাধানে বিদ্যমান নীতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করা
  • ইনসেন্টিভ ব্যবস্থাপনায় উন্নয়ন আনা—ঈদের আগে ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত জমাকৃত ফাইল নিষ্পত্তি এবং ভবিষ্যতে মাসিক ভিত্তিতে দ্রুত প্রণোদনা প্রদান নিশ্চিত করা
  • এলডিসি গ্রাজুয়েশন সময়সীমা বাড়ানোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা
  • এসএমই খাতের উন্নয়নে SME Foundation এবং নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয় জোরদার করা
  • স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম আরও গতিশীল করতে বিজিএমইএ ভবনে আন্তঃকমিটি বৈঠকের জন্য সমন্বিত কক্ষ বরাদ্দ
  • এসএমই ইকো-পার্ক স্থাপনের পরিকল্পনা এগিয়ে নেওয়া
  • ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত সমস্যার সমাধানে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয়
  • সোলার প্যানেল স্থাপনে সহায়তা বৃদ্ধি, বিশেষ করে এসএমই উদ্যোক্তাদের জন্য ব্যাংক গ্যারান্টি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা গ্রহণ
  • ডিজিটাল কমপ্লায়েন্সে অগ্রাধিকার প্রদান—ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (DPP), দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং সফটওয়্যারভিত্তিক কমপ্লায়েন্স ব্যবস্থা উন্নয়ন
  • দেশের পোশাক শিল্পকে দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে ডিজিটাল পিআর প্ল্যাটফর্ম গঠন

সভাপতি আরও জানান, ভবিষ্যতে প্রতিটি স্ট্যান্ডিং কমিটির সঙ্গে ছোট পরিসরে নিয়মিত মাসিক সভা আয়োজন করা হবে, যাতে কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হয়।

সভায় বিজিএমইএ’র ১ম ভাইস চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিসহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সভাকে দেশের তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়ন ও কার্যকর নীতিনির্ধারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Scroll to Top