আসিয়ানের ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া


কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (CHOGM)-এর সাইডলাইনে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো’ সেরি উতামা হাজি মোহামাদ বিন হাজি হাসানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (৩ নভেম্বর, ২০২৬) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উভয় মন্ত্রী। চলতি বছরের জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক মালয়েশিয়া রাষ্ট্রীয় সফরের প্রসঙ্গ স্মরণ করে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্রুত একটি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।
এ ছাড়া মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নিয়োগপ্রক্রিয়া আরও স্বচ্ছ, ন্যায্য ও সুশৃঙ্খল করতে দুই দেশের মধ্যে যৌথ পরিদর্শন ও পর্যবেক্ষণ ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এ উদ্যোগের মাধ্যমে কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত এবং অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে উভয় পক্ষ গুরুত্ব দেয়।
বৈঠকে বাংলাদেশের আসিয়ান (ASEAN)-এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (RCEP)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায়ও মালয়েশিয়া সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।











