আমেরিকার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ইউএস দূতাবাস ও কোডার্সট্রাস্টের ‘গ্রেট আমেরিকান ট্রেজার হান্ট’ উদযাপন


আমেরিকার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস ও কোডার্সট্রাস্ট সফলভাবে ‘গ্রেট আমেরিকান ট্রেজার হান্ট’ নামে একটি ইন্টার্যাকটিভ ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেছে। এই গেমভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং দেশটির প্রতিষ্ঠাতা নেতাদের সম্পর্কে জানার সুযোগ পান। পুরো আয়োজনটি জনপ্রিয় ‘পোকেমন গো’-এর আদলে তৈরি করা হয়েছিল।
বিশ্বব্যাপী ডিজিটাল দক্ষতা ও কর্মশক্তি উন্নয়ন প্ল্যাটফর্ম কোডার্সট্রাস্ট এই প্রকল্পে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রযুক্তিগত উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে। প্রতিষ্ঠানটি ‘freedom250treasurehunt.com’ ওয়েব অ্যাপ্লিকেশনটি তৈরি করে, যার মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালিত হয়।
ওয়েবসাইটটি প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্ব হিসেবেও ব্যবহৃত হয়। অংশগ্রহণকারীদের অর্জিত পয়েন্টের ভিত্তিতে একটি লিডারবোর্ড তৈরি করা হয় এবং সেখান থেকে সর্বোচ্চ স্কোর অর্জনকারী ১২০ জনকে চূড়ান্ত সরাসরি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।
অংশগ্রহণকারীরা ঢাকার নির্ধারিত বিভিন্ন স্থানে স্থাপন করা ‘ফ্রিডম ২৫০’ কিউআর কোড স্ক্যান করে এই ইন্টার্যাকটিভ কার্যক্রমে অংশ নেন। এসব স্থানের মধ্যে বিশেষভাবে সাজানো আমেরিকান পতাকার থিমযুক্ত রিকশা এবং বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের স্থানও ছিল। নির্ধারিত স্থানগুলোতে গিয়ে কিউআর কোড স্ক্যান ও প্ল্যাটফর্মে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে অংশগ্রহণকারীরা পয়েন্ট অর্জন করেন এবং লিডারবোর্ডে নিজেদের অবস্থান উন্নত করেন।
ইউএস দূতাবাস ঢাকার পাবলিক এনগেজমেন্টের ডেপুটি ডিরেক্টর রিচার্ড ব্রুনার বলেন, “ইতিহাস, প্রযুক্তি ও জনসম্পৃক্ততাকে একটি আনন্দদায়ক উপায়ে একত্রিত করা এই প্রকল্পে কোডার্সট্রাস্টের সঙ্গে কাজ করতে পেরে আমাদের দলের দারুণ লেগেছে।”
ইউএস দূতাবাস ঢাকার প্রেস অ্যান্ড পাবলিক ডিপ্লোম্যাসি কাউন্সেলর মনিকা শি এই উদ্যোগের প্রশংসা করে এটিকে “একটি অসাধারণ প্রকল্প” হিসেবে অভিহিত করেন।
পুরো ক্যাম্পেইনে ১ হাজার ৪০০ জনের বেশি নিবন্ধিত ব্যবহারকারী অংশগ্রহণ করেন এবং তারা ১৫ হাজারেরও বেশি কিউআর কোড স্ক্যান করেন। এই পরিসংখ্যান কার্যক্রমটির প্রতি মানুষের ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে।
রিচার্ড ব্রুনার বলেন, “এই প্রকল্পে কোডার্সট্রাস্টের সঙ্গে কাজ করতে পেরে আমাদের দল অত্যন্ত আনন্দিত। আমরা এই অংশীদারিত্বের মাধ্যমে যে উদ্যোগটি বাস্তবায়ন করতে পেরেছি, তা নিয়ে গর্বিত। কার্যক্রমটিতে অংশগ্রহণকারীদের উপস্থিতি ও উৎসাহ আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।”
কোডার্সট্রাস্টের পক্ষ থেকে প্রকল্পটির নেতৃত্ব দেয় ঢাকাভিত্তিক প্রতিষ্ঠানটির প্রযুক্তি ও নেতৃত্ব দল। উদ্বোধনী অনুষ্ঠানে দলের সদস্যরা উপস্থিত থেকে জনসাধারণের সামনে প্ল্যাটফর্মটির কার্যক্রম প্রত্যক্ষ করেন।
কোডার্সট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা ও গ্লোবাল চেয়ারম্যান আজিজ আহমদ বলেন, “প্রথম দিন থেকেই কোডার্সট্রাস্ট যে লক্ষ্য নিয়ে কাজ করছে—ডিজিটাল দক্ষতাকে কাজে লাগিয়ে অংশীদারদের জন্য বাস্তব ও অর্থবহ প্ল্যাটফর্ম তৈরি করা—এই প্রকল্প তারই একটি উদাহরণ।”
তিনি আরও বলেন, “উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ দেখে আমরা অত্যন্ত আনন্দিত। আমেরিকার ২৫০তম বার্ষিকী উদযাপনে ইউএস দূতাবাসের সঙ্গে অংশীদার হতে পারা আমাদের পুরো বাংলাদেশ দলের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা করছি।”
কোডার্সট্রাস্ট বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শামসুল হক বলেন, “আমাদের ডেভেলপাররা এটিকে শুধু একটি প্রকল্প হিসেবে দেখেনি; এটি তাদের জন্য গর্বের একটি বিষয়ে পরিণত হয়েছিল। দূতাবাসের অফিসিয়াল চ্যানেলে আমাদের কাজ সরাসরি চালু হতে দেখা এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রত্যক্ষ করা এখানে আমরা যে মানসম্পন্ন প্রযুক্তি প্রতিভা গড়ে তুলছি, তারই প্রমাণ।”
কোডার্সট্রাস্টের চিফ স্ট্র্যাটেজি অফিসার মোহাম্মদ জামান বলেন, “কিউআর কোডের কাঠামো থেকে শুরু করে লিডারবোর্ড ও ব্যবহারকারী যাচাইকরণ ব্যবস্থা—দূতাবাসের নির্ধারিত মান পূরণ করতে আমাদের দল দ্রুততার সঙ্গে কাজ করেছে। এটি আমাদের প্রকৌশলী ও দূতাবাসের যোগাযোগ দলের মধ্যে একটি সত্যিকারের সমন্বিত প্রচেষ্টা ছিল। মানুষের ব্যাপক আগ্রহের সামনে প্রকল্পটির সফল বাস্তবায়ন দেখতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”
‘গ্রেট আমেরিকান ট্রেজার হান্ট’ ক্যাম্পেইনের চূড়ান্ত পর্ব হিসেবে গত ৯ জুলাই ঢাকার এডওয়ার্ড এম. কেনেডি (ইএমকে) সেন্টারে সরাসরি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কোডার্সট্রাস্টের ঢাকাভিত্তিক প্রযুক্তি ও নেতৃত্ব দলের প্রতিনিধিরাও অংশ নেন। অনুষ্ঠানে ইউএস দূতাবাসের সঙ্গে সফল অংশীদারিত্ব এবং আমেরিকার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করতে প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের বিষয়টি উদযাপন করা হয়।
ইউএস দূতাবাস ঢাকার পাবলিক ডিপ্লোম্যাসি দল প্রকল্পটির প্রযুক্তিগত দক্ষতা, পেশাদারিত্ব এবং নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে বাস্তবায়নের জন্য কোডার্সট্রাস্টের দলের প্রশংসা করে। কোডার্সট্রাস্টের ডেভেলপাররা প্ল্যাটফর্মটির গুরুত্বপূর্ণ বিভিন্ন ফিচার—কিউআর কোড ব্যবস্থা, ব্যবহারকারী লগইন সুবিধা এবং লিডারবোর্ডসহ অন্যান্য প্রযুক্তিগত কাঠামো—ডিজাইন ও বাস্তবায়ন করেন।











