জ্বালানি ও সার খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ


বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি, সার, ওষুধ, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জাহাজ নির্মাণ ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমাইউম কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

সাক্ষাতে আলজেরিয়ার রাষ্ট্রদূত হুমাইউম কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর জন্য তিনি রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

সাক্ষাতে বাণিজ্য ও বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জাহাজ নির্মাণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানো এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
জবাবে আলজেরিয়ার রাষ্ট্রদূত জ্বালানি, ওষুধ, সার, জাহাজ নির্মাণ, সামুদ্রিক নৌপরিবহন লাইন এবং উচ্চপর্যায়ের সফরসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ-আলজেরিয়া সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করেন।











