সংসদীয় সম্পর্ক জোরদারে পার্লামেন্টারি ডিপ্লোমেসির ওপর গুরুত্ব দিলো বাংলাদেশ-পাকিস্তান


বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে পার্লামেন্টারি ডিপ্লোমেসির ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের সংসদের শীর্ষ নেতারা।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) উদ্বোধনের প্রাক্কালে সোমবার (১৪ সেপ্টেম্বর, ২০২৬) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল, এমপি এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উভয় নেতা। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সংসদীয় যোগাযোগ আরও বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত সংলাপ ও প্রতিনিধিদল বিনিময়ের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। পার্লামেন্টারি ডিপ্লোমেসির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।
বৈঠক শেষে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিককে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
জবাবে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে তাঁদের সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।











