জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান


জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) নিউইয়র্ক স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জন এফ কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর ফ্লাইটটি নিউইয়র্কে পৌঁছায়।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে নিয়ে যাওয়া হয়।
হোটেলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং কনসাল জেনারেল মোজাম্মেল হক।
প্রধানমন্ত্রী আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ।
এর আগে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ফ্লাইটটি তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে দুই ঘণ্টা ৩৫ মিনিটের যাত্রাবিরতির পর স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে আবার যাত্রা করে।
নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও পার্শ্ব-ইভেন্টে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট, মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আয়োজিত কর্মসূচিতেও প্রধানমন্ত্রী অংশ নেবেন। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগসংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।











