গাজীপুরে অকারণে হর্ন বন্ধে ‘নো হর্ন’ সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত


অকারণে হর্ন বাজানো বন্ধ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরে ‘নো হর্ন’ সচেতনতামূলক মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কেন্দ্রের কনফারেন্স রুমে অকারণে হর্ন বা কোনো ধরনের শব্দ না বাজিয়ে যানবাহন চলাচলের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক।

সভায় ডিসি (ট্রাফিক), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), গাজীপুর জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলাপূর্ণভাবে যানবাহন চলাচলের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, অকারণে হর্ন বাজানো বর্তমানে একটি উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এতে শব্দদূষণ বাড়ার পাশাপাশি পথচারী, শিক্ষার্থী, রোগী ও বয়স্ক ব্যক্তিদের নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হয়। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীও বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাই জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে হরিণাল বাজার পর্যন্ত ‘No Horn’ বা অকারণে হর্ন না বাজানোর বার্তা নিয়ে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করার আহ্বানসংবলিত বিভিন্ন বার্তা প্রচার করেন।
র্যালিতে গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত থেকে র্যালির কার্যক্রম কাভার করেন।











