বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার


বাংলাদেশে নিযুক্ত ভারতের মান্যবর হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় গভর্নর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি আরও বৃদ্ধির আহ্বান জানান।

এছাড়া, গভর্নর বাংলা কিউআর (Bangla QR)-এর ব্যবহার সম্প্রসারণ, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট এবং এ ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ও সম্ভাব্য কারিগরি সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
ভারতের হাইকমিশনার বিদেশি বিনিয়োগ আরও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করলে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে, যার ফলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা সহজে নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন। তিনি বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে অধিক ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান।
বৈঠকে ভারতের হাইকমিশনারের সঙ্গে ডেপুটি হাইকমিশনার মি. পবনকুমার বাধে (Mr. Pawankumar Badhe) এবং সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড কমার্স) মি. গৌরব কুমার আগারওয়াল (Mr. Gourab Kumar Agarwal) উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।











