অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান মিউজিয়াম পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ


বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতি জোরদার, শিল্প-সংস্কৃতির আন্তর্জাতিক প্রচার এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতার নতুন সম্ভাবনা অন্বেষণে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাশমোলিয়ান মিউজিয়াম পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) জাদুঘর কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি এ পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি শিল্পী সোমা সুরভী জান্নাতের ‘Climate, Culture, Care’ শীর্ষক প্রদর্শনী ঘুরে দেখেন। যুক্তরাজ্যের কোনো জাদুঘরে বাংলাদেশে অবস্থানরত একজন শিল্পীর প্রথম একক প্রদর্শনী হিসেবে এটি বিশেষ তাৎপর্য বহন করছে। শিল্পীর সৃজনশীলতা, শিল্পকর্মের গভীরতা ও শৈল্পিক প্রকাশভঙ্গি দেখে মুগ্ধতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া জাদুঘরের কিউরেটরিয়াল দলের সহযোগিতায় তিনি এর বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগ্রহ পরিদর্শন করেন।
পরে অ্যাশমোলিয়ান মিউজিয়ামের কিপার অব ইস্টার্ন আর্ট অ্যান্ড কিউরেটর ড. মাল্লিকা কুম্বেরা ল্যান্ড্রুসের সঙ্গে বৈঠক করেন শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলা, সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি, বাংলাদেশি শিল্পীদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমসাময়িক শিল্পকলার ক্রমবর্ধমান স্বীকৃতির প্রতিফলন। একই সঙ্গে পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগিয়ে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সাংস্কৃতিক সংযোগ ও দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে বাংলাদেশের সরকারের উদ্যোগের বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।











