দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির


দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বহুমাত্রিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে শ্রীলঙ্কায় পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (১৭ নভেম্বর, ২০২৬) বিকেলে তিনি শ্রীলঙ্কার বান্দারনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডি এম সালাহউদ্দিন মাহমুদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত ভারুণী মুতুকুমারানা।
![]() |
![]() |
সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাণিজ্য, অর্থনীতি ও অন্যান্য খাতে বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া শ্রীলঙ্কার ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার, বিনিয়োগের সম্ভাবনা এবং ব্যবসায়িক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয় গুরুত্ব পাবে।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সামগ্রিক সহযোগিতার লক্ষ্যে ‘বাংলাদেশ-শ্রীলঙ্কা যৌথ পরামর্শক কমিশন’ (Bangladesh-Sri Lanka Joint Consultative Commission for Comprehensive Cooperation) প্রতিষ্ঠাসংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।
কূটনৈতিক মহলের দৃষ্টিতে, এ কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ দুই দেশের মধ্যে নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও কার্যকর ও গতিশীল করার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
দুই দিনের সরকারি সফর শেষে আগামী ১৯ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শ্রীলঙ্কা ত্যাগ করার কথা রয়েছে।













