প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-চীন


বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সামরিক ও প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন (Dr. Liu Yuyin)।
প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
আলোচনায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সামরিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের মধ্যে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের পাশাপাশি বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।











