আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কোরিয়া


মানবপাচার, ভিসা জালিয়াতি, অভিবাসী চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের ইমিগ্রেশন পলিসি ব্যুরোর মহাপরিচালক পার্ক সাং উক (Park Sang Wook)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
![]() |
![]() |
![]() |
![]() |
সাক্ষাৎকালে আইজিপি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ও কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ পাঁচ দশকের অংশীদারিত্বের কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কোরিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।
এ প্রসঙ্গে তিনি কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (KOICA) সহায়তায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইনভেস্টিগেশন সেন্টার প্রতিষ্ঠা, ‘সেফার সাইবারস্পেস ফর ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্প বাস্তবায়ন এবং চট্টগ্রামের দামপাড়ায় সম্প্রতি সাইবার পুলিশ সেন্টার উদ্বোধনের বিষয় তুলে ধরেন।
বৈঠকে ইন্টারপোলের ওয়ান্টেড ব্যক্তি ও সন্ত্রাসঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিষয়ে তথ্য বিনিময়, ভিসা জালিয়াতি, মানবপাচার, অভিবাসী চোরাচালান এবং জাল নথি ব্যবহারসহ বিভিন্ন অভিবাসনসংক্রান্ত অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া ভবিষ্যতে অভিবাসনসংক্রান্ত অপরাধ দমনে তথ্য বিনিময় বৃদ্ধি, মানবপাচার প্রতিরোধে যৌথ গোয়েন্দা সেল গঠন এবং প্রযুক্তিগত ও প্রশিক্ষণ সহযোগিতা সম্প্রসারণের ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
আইজিপি বাংলাদেশে বসবাসরত কোরিয়ান নাগরিকদের পাশাপাশি তাঁদের বিনিয়োগ ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সংঘবদ্ধ আন্তঃসীমান্ত অপরাধ, মানবপাচার ও সন্ত্রাসবাদ প্রতিরোধে বাংলাদেশ পুলিশের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের প্রতিনিধিদলের অন্যান্য সদস্য, ঢাকাস্থ কোরিয়া দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















