AFI-এর দুই আন্তর্জাতিক সম্মাননা পেল বাংলাদেশ ব্যাংক


আর্থিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। ‘AFI Maya Declaration Commitment Award 2026’ এবং ‘AFI Gender Inclusive Finance Champion Institution’ হিসেবে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরসবিতে অনুষ্ঠিত Alliance for Financial Inclusion (AFI) Global Policy Forum (GPF)-এ বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
![]() |
![]() |
AFI Maya Declaration Commitment-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগগুলোর পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) প্রতিবছর আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে স্বনির্ধারিত বিভিন্ন লক্ষ্যমাত্রা গ্রহণ করে। এসব লক্ষ্যমাত্রার উল্লেখযোগ্য অংশ অর্জন করায় বাংলাদেশ ব্যাংককে ‘Maya Declaration Commitment Award 2026’ প্রদান করা হয়।
এর আগে ২০২৫ সালেও একই পুরস্কার অর্জন করেছিল বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিকভাবে দ্বিতীয়বার এ স্বীকৃতি অর্জন আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমে বাংলাদেশের অগ্রগতির আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

একই অনুষ্ঠানে নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে ‘AFI Gender Inclusive Finance Champion Institution’ পুরস্কার দেওয়া হয়। Gender Inclusive Finance এবং AFI-এর Denarau Action Plan-এর লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি, নীতি উদ্যোগ ও উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এ স্বীকৃতি অর্জন করেছে।
AFI বিশ্বব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে নীতি প্রণয়ন ও নিয়ন্ত্রক কার্যক্রমে যুক্ত প্রতিষ্ঠানগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে বিশ্বের ৮২টি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং আর্থিক খাতের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাসহ মোট ৮৯টি প্রতিষ্ঠান AFI-এর সদস্য।
প্রতিবছর AFI আয়োজিত Global Policy Forum-এ আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সদস্য প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এবারের GPF-এ বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, নীতিনির্ধারক, আর্থিক খাতের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনসহ ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।













