মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের সিংহাসন আরোহণের ২৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘দৈনিক ঢাকা ডায়লগ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন এর সম্পাদক


বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) ঢাকায় অবস্থিত মরক্কো দূতাবাস যথাযোগ্য মর্যাদায় মরক্কো রাজ্যের মহামান্য রাজা ষষ্ঠ মোহাম্মদের (His Majesty King Mohammed VI) সিংহাসনে আরোহণের ২৭তম বার্ষিকী (Throne Day) উদযাপন করেছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং শুভেচ্ছা জানান জাতীয় দৈনিক ঢাকা ডায়লগ-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি মরক্কোর রাজা, সরকার ও জনগণকে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও কারিগরি সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও মরক্কোর দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে। উচ্চপর্যায়ের সফর, সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদলের নিয়মিত বিনিময় এবং ব্যবসা-বাণিজ্যিক সংলাপ দুই দেশের সম্পর্ককে নতুন গতি দিচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লালা বুথাইনা এল কেরদুদি এল কৌলালি বলেন, বাংলাদেশ ও মরক্কোর বন্ধুত্বের ইতিহাস দীর্ঘদিনের। ১৯৭৩ সালে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে আধুনিক কূটনৈতিক সম্পর্কের ভিত্তি গড়ে উঠলেও দুই দেশের ঐতিহাসিক যোগাযোগ আরও বহু পুরোনো। প্রখ্যাত মরক্কোর পর্যটক ইবনে বতুতা শতাব্দী আগে বাংলায় সফর করে তাঁর ভ্রমণকাহিনীতে এ অঞ্চলের সৌন্দর্য, আতিথেয়তা ও সমৃদ্ধির বর্ণনা দিয়েছিলেন, যা দুই জাতির মধ্যে ঐতিহাসিক সেতুবন্ধনের প্রতীক।

অনুষ্ঠিানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।











