CMSME খাতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে ব্যাংক এশিয়ার অংশগ্রহণ


কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (CMSME) খাতের ব্যবসা প্রতিষ্ঠানের চলতি মূলধনের সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ডে অংশগ্রহণ করেছে ব্যাংক এশিয়া পিএলসি।
এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। এ তহবিলের আওতায় যোগ্য ও সচল CMSME প্রতিষ্ঠানগুলো সহজ শর্তে ও স্বল্প সুদে চলতি মূলধন সুবিধা পাবে। এই সুবিধার আওতায় ঋণের সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ বার্ষিক নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত চুক্তি বিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ জুলকার নায়েন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তারা চুক্তিতে স্বাক্ষর ও তা বিনিময় করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং ব্যাংক এশিয়ার এমএসএমই বিভাগের প্রধান মোহাম্মদ সাইফুদ্দৌলা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের এই পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে চলতি মূলধনের ঘাটতিতে থাকা যোগ্য CMSME প্রতিষ্ঠানগুলো তাদের দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থায়ন পাবে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর তারল্য ব্যবস্থাপনা সহজ হওয়ার পাশাপাশি তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও নির্বিঘ্ন রাখার সুযোগ তৈরি হবে।











