তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে ডিএমপির অভিযান, আটক ৮


ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান চার্জিংয়ের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগ। অভিযানে ৫৯টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান জব্দ এবং অবৈধ বিদ্যুৎ সংযোগের সঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রধান সড়ক ও সংলগ্ন বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে সহকারী পুলিশ কমিশনার, শেরেবাংলা নগর ট্রাফিক জোন ও তেজগাঁও ট্রাফিক জোনের কর্মকর্তাসহ ট্রাফিক তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যরা অংশ নেন। পাশাপাশি তেজগাঁও অঞ্চলের ডিপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কারিগরি দলের সদস্যরাও অভিযানে যুক্ত ছিলেন।
অভিযানকালে বিদ্যুতের খুঁটি ও বিতরণ লাইন থেকে অবৈধভাবে নেওয়া বিপুলসংখ্যক বিদ্যুৎ সংযোগ শনাক্ত করা হয়। পরে ডিপিডিসির কারিগরি সহায়তায় এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অটোরিকশা চার্জিংয়ে ব্যবহৃত অবৈধ তার, মাল্টিপ্লাগ, সকেটসহ বিভিন্ন সংযোগ সামগ্রী অপসারণ ও জব্দ করা হয়।
এ সময় মোট ৫৯টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান জব্দ করা হয়। এছাড়া বিদ্যুৎ বিভাগের অভিযোগের ভিত্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগের সঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
ডিএমপি জানিয়েছে, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান চার্জিং কার্যক্রম বন্ধে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











