জিএমপিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাব উদ্বোধন করলেন জিএমপি পুলিশ কমিশনার


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাব, জিএমপির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) আনুষ্ঠানিকভাবে প্যাথলজি ল্যাবটির উদ্বোধন করেন।

উদ্বোধনকালে পুলিশ কমিশনার বলেন, পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্যাথলজি ল্যাব পুলিশ সদস্যদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কার্যকর অবদান রাখবে।

উদ্বোধনের পর পুলিশ কমিশনার প্যাথলজি ল্যাব, রেজিস্ট্রেশন কাউন্টার ও মেডিকেল অফিসারের কক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি নিজেও ল্যাবে ব্লাড টেস্ট করান এবং ল্যাবের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।











