বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান ও ইসলামিক ব্যাংকিং খাতে ব্রুনাইয়ের বিনিয়োগ চাইলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির


কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (CHOGM) উপলক্ষে অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান ও ইসলামিক ব্যাংকিং খাতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (৩ নভেম্বর, ২০২৬) সম্মেলনের সাইডলাইনে ব্রুনাই দারুসসালামের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেতিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশ ও ব্রুনাইয়ের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের গভীর আগ্রহের কথা তুলে ধরেন। পাশাপাশি সরকার-টু-সরকার (G2G) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (PPP) আওতায় বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে ব্রুনাইয়ের বিনিয়োগের আহ্বান জানান।
এ ছাড়া বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং খাতেও ব্রুনাইয়ের বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বৈঠকে জনশক্তি রপ্তানি ও শ্রমবাজার সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ব্রুনাইয়ের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে আরও দক্ষ, আধা-দক্ষ ও পেশাজীবী কর্মী সরবরাহে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান।
এ সময় ব্রুনাইয়ের অর্থমন্ত্রী দেশটির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন এবং বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্রুনাইয়ের মহামান্য সুলতানকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী।











