ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের নওগাঁ জেলা সফর ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত


রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ নওগাঁ জেলা সফর করেছেন। সফরকালে তিনি নওগাঁ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) নওগাঁয় পৌঁছালে ডিআইজি মোঃ আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় ডিআইজি মহোদয়ের সহধর্মিণী এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হককেও পুনাক, নওগাঁর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে নওগাঁ জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজি মোঃ আশিক সাঈদকে গার্ড অব অনার প্রদান করে।
![]() |
![]() |
![]() |
![]() |
এরপর নওগাঁ জেলায় কর্মরত অফিসার ও পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিআইজি। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় ডিআইজি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন। সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ডিআইজি বলেন, পুলিশ সদস্যদের আচরণ ও সেবার মানের মধ্য দিয়েই জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি প্রতিফলিত হয়। তাই সেবাপ্রত্যাশী জনগণের সঙ্গে আন্তরিক, মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত ও যথাযথ পুলিশি সেবা প্রদানে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ কল্যাণ সভায় চাকরি শেষে অবসরগ্রহণকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করেন ডিআইজি, রাজশাহী রেঞ্জ। এ সময় তাদের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সেবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।















