জিআই পণ্য ও উদ্ভাবনী নকশা নিয়ে কাজের আহ্বান জানালেন বিসিক চেয়ারম্যান


বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) পরিদর্শন করেছেন।
সোমবার (১০ আগস্ট, ২০২৬) বিইউএফটির আয়োজনে শিক্ষার্থীদের ডিজাইন করা ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য কুমারখালীর বেডশীট থেকে অনুপ্রাণিত আধুনিক ফ্যাশন বস্ত্রের একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, ঐতিহ্যবাহী পণ্যের আধুনিকায়ন এবং দেশীয় সংস্কৃতিকে ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
![]() |
![]() |
প্রদর্শনী পরিদর্শনকালে বিসিক চেয়ারম্যান শিক্ষার্থীদের জিআই পণ্য এবং উদ্ভাবনী নকশা নিয়ে আরও বেশি কাজ করার পরামর্শ দেন। তিনি দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে আধুনিক ও আন্তর্জাতিক বাজার উপযোগী পণ্য তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে বিসিক চেয়ারম্যান বিইউএফটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জি. আইয়ুব নবী খানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বিসিক ও বিইউএফটির মধ্যে ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সভায় বিসিকের পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) খন্দকার মু. মুশফিকুর রহমান, বিসিক নকশাকেন্দ্রের প্রধান নকশাবিদ রাহাত উদ্দিন এবং বিইউএফটির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দেশীয় জিআই পণ্যের প্রচার ও প্রসার, ঐতিহ্যবাহী কারুশিল্পের আধুনিকায়ন, শিক্ষার্থীদের উদ্ভাবনী নকশা উন্নয়ন এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।













