বিমান বাহিনী পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান


জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর, ২০২৬) ঢাকা সেনানিবাসে অবস্থিত স্কুলটি পরিদর্শনকালে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স’ উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব (OWCC)-এর সভানেত্রী সালেহা খান। এ সময় ‘ব্লু স্কাই’ স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে ডা. জুবাইদা রহমানকে বরণ করে নেয়।

পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান স্কুলের বিভিন্ন শ্রেণির কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন থেরাপি কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
স্কুল কর্তৃপক্ষ জানায়, বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ২৮ জন শিক্ষক ও থেরাপিস্ট বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে এসব কার্যক্রম পরিচালনা করছেন। এ সময় স্কুলের অধ্যক্ষ শিক্ষা ও কারিগরি শিক্ষা কার্যক্রম, থেরাপি সুবিধা, মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে ডা. জুবাইদা রহমানকে অবহিত করেন।
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ২০২১ সালে ‘ব্লু স্কাই’ স্কুল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এবং একজন সিস্টার/ব্রাদারের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এ স্কুলের মাধ্যমে বহু বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মূলধারার শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়েছে।
এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষা কার্যক্রমের আওতায় কয়েকজনকে সহকারী থেরাপিস্ট হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।
পরিদর্শনের অংশ হিসেবে ডা. জুবাইদা রহমান বাফওয়ার বিভিন্ন কার্যক্রমের অংশ ‘বাফওয়া কর্নার’ও পরিদর্শন করেন। তিনি বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, বাফওয়া দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোমের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী পরিদর্শন করেন।
পরে ‘ব্লু স্কাই’ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাফওয়া সভানেত্রী সালেহা খান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি বিমান বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত সদস্য, অসামরিক কর্মচারী এবং তাঁদের পরিবারের কল্যাণে কাজ করে যাচ্ছে। চিকিৎসা, শিক্ষা, আবাসন, খাদ্যসহায়তা ও বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে দুর্যোগগ্রস্ত ও অসহায় মানুষের পাশেও বাফওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নিজ বক্তব্যে ডা. জুবাইদা রহমান ‘ব্লু স্কাই’ স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধার প্রশংসা করেন। একই সঙ্গে নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বাফওয়ার বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, সুনির্দিষ্ট প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও তাদের অসীম প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। দলগতভাবে সাফল্য অর্জন এবং খেলাধুলার মানসিকতা তাদের ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শক্তি ও মনোবল জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী ও সদস্যরা, বাফওয়া এ কে খন্দকার ও বাশার-এর সভানেত্রী ও সহ-সভানেত্রী এবং বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











