রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা


রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুসের চূড়ায় বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ানোর উদ্যোগ নিয়েছেন এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল।
৫ হাজার ৬৪২ মিটার উচ্চতার মাউন্ট এলব্রুস রাশিয়ার ককেশাস পর্বতমালায় অবস্থিত। চলতি সেপ্টেম্বর মাসে শাকিল এই পর্বতশৃঙ্গ জয়ের লক্ষ্যে রাশিয়া সফরে যাবেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর, ২০২৬) ঢাকার রাশিয়ান হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠানে ইকরামুল হাসান শাকিলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। মাউন্ট এলব্রুসের চূড়ায় পৌঁছানোর পর তিনি সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা থেকে রাশিয়ার উদ্দেশে যাত্রা করবেন শাকিল। প্রায় ১৫ দিনের এই অভিযানে উচ্চতাজনিত পর্বতারোহণের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা তুলে ধরা হবে।
মাউন্ট এলব্রুসের চূড়ায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সাহস, অভিযাত্রা, অনুসন্ধান ও আবিষ্কারের অভিন্ন চেতনার প্রতীকী প্রকাশ ঘটবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এই পর্বতারোহণ অভিযানটি যৌথভাবে আয়োজন করছে ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউস এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।











