জ্বালানি ও জাহাজ নির্মাণে সহযোগিতা বাড়াতে আগ্রহী আলজেরিয়া


বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও চলমান সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
এ সময় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তন, ক্রীড়া, সংস্কৃতি এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। উভয় দেশই বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাবের শিকার হওয়ায় এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
আলজেরিয়ায় পরিবেশবান্ধব ও জীবাণুবিয়োজ্য পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ক্রীড়া ও সংস্কৃতি খাতে অংশীদারত্ব আরও গভীর করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
অন্যদিকে, আলজেরিয়ার রাষ্ট্রদূত জ্বালানি, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে উচ্চপর্যায়ের পারস্পরিক সফর বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করার বিষয়ে একমত পোষণ করেন।











