সিলেটের পর্যটন, চা, মৎস্য ও শিল্পখাতে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির


সিলেটের পর্যটন, চা, মৎস্য ও শিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে স্থানীয় ব্যবসায়ী ও প্রবাসীদের অধিকতর বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর, ২০২৬) বিকেলে সিলেট সিটি করপোরেশন মাঠে সিটি করপোরেশন আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, সিলেটের পর্যটন, চা, মৎস্য ও শিল্পখাতে বিপুল সম্ভাবনা রয়েছে। পাহাড়, নদী, ঝরনা, চা-বাগান, বন ও হাওর—সব মিলিয়ে সিলেট বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন অঞ্চল। এসব খাতকে আরও উন্নত করার ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি বলেন, “আজকে যারা প্রবাসে আছেন এবং যাদের যথেষ্ট যোগ্যতা আছে, তারা যদি এসব খাতে বিনিয়োগ করতে এগিয়ে আসেন, তাহলে আমাদের পর্যটন শিল্প আরও অনেক বেশি উন্নত হবে বলে আমি বিশ্বাস করি।”
চা শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সিলেটের চা-বাগান শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে পরিচিত। এ কারণে সম্ভাবনার দিক থেকে সিলেট অনেকটাই এগিয়ে রয়েছে।
সিলেটের হাওরাঞ্চলে মৎস্য চাষের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এখানকার হাওরগুলোতে মাছ চাষের অনেক সুবিধা রয়েছে। পাশাপাশি সিলেটে বিদ্যমান খনিজ সম্পদ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে বড় শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে।
রাষ্ট্রপতি জ্বালানি, কৃষি, শিল্প, চা শিল্প, পর্যটন ও গ্যাসসহ সিলেটের সম্ভাবনাময় খাতগুলো কাজে লাগাতে ক্ষুদ্র উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, স্থানীয় উদ্যোক্তা ও প্রবাসীরা সম্মিলিতভাবে বিনিয়োগ করলে সিলেটের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।











