দোহায় আন্তর্জাতিক সমঝোতা স্মারক সই করল বাংলাদেশের স্মার্ট বিল্ড, বৈশ্বিক বাজারে এআই প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ


বাংলাদেশের প্রযুক্তি ও টেকসই উন্নয়নভিত্তিক প্রতিষ্ঠান স্মার্ট বিল্ড আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরতে নতুন মাইলফলক অর্জন করেছে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত নবম ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম ২০২৬-এ আন্তর্জাতিক প্রযুক্তিগত সহযোগিতা প্রতিষ্ঠায় একটি কৌশলগত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি বিশ্বব্যাপী পানি ব্যবস্থাপনা খাতে সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। স্মার্ট বিল্ডের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করেছে NEFER SARL। প্রতিষ্ঠানটির পক্ষে সমঝোতায় প্রতিনিধিত্ব করেন রিভাইভাল সিল্ক হেরিটেজ উদ্যোগের প্রজেক্ট ওনার নিসরিন এল আওয়ার (Nisrine El Awar), যিনি ET Cernay এবং MEDEF প্রতিনিধিদলের সঙ্গেও সংশ্লিষ্ট।
চুক্তির আওতায় বুদ্ধিমান পানি ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার এবং টেকসই শিল্পসমাধান নিয়ে পারস্পরিক প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ অনুসন্ধান করা হবে।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (UNCTAD) এবং কাতারের যৌথ আয়োজনে গত ২৫ থেকে ২৭ অক্টোবর দোহায় অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম ২০২৬। বৈশ্বিক এ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতারা প্রযুক্তিগত রূপান্তর, বিনিয়োগ এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি স্মার্ট বিল্ড তাদের ‘PureFlow AI-Powered Water Intelligence’ প্ল্যাটফর্মের মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের প্রায় ২০টি সম্ভাবনাময় বাজারে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
প্রাথমিকভাবে শিল্পকারখানার বর্জ্যপানি পরিশোধন এবং পরিবেশগত নিয়মনীতি অনুসরণ পর্যবেক্ষণের লক্ষ্যে তৈরি হলেও PureFlow-এর প্রযুক্তিগত কাঠামো আরও বিস্তৃত পরিসরে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। স্মার্ট বিল্ডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (CTO) শাফকাত আলম জানান, প্ল্যাটফর্মটিতে ইন্টারনেট অব থিংস (IoT) সেন্সর, রিয়েল-টাইম ডেটা অ্যানালিটিকস এবং প্রেডিক্টিভ মনিটরিং প্রযুক্তি সমন্বিত রয়েছে।
এর মাধ্যমে পৌর পানি সরবরাহ, কৃষিতে সেচ ব্যবস্থাপনা, সমুদ্রের পানি লবণমুক্তকরণ (Desalination) এবং স্মার্ট পানি পুনর্ব্যবহার ব্যবস্থায় কার্যকর সমাধান দেওয়া সম্ভব। তিনি আরও জানান, দোহা ফোরামের আগে দুবাইয়ে অনুষ্ঠিত WETEX 2026-এও PureFlow আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য আগ্রহ তৈরি করেছে।
স্মার্ট বিল্ডের প্রধান টেকসই উন্নয়ন কর্মকর্তা (CSO) মো. শাহাব উদ্দিন রিয়াদ বলেন, আধুনিক পানি ব্যবস্থাপনা কেবল পরিবেশগত অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, জনস্বাস্থ্য, জ্বালানি নিরাপত্তা, শিল্প উৎপাদনশীলতা এবং সামগ্রিক পরিবেশগত স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
তিনি বলেন, বিশ্বব্যাপী পানি ব্যবস্থাপনা কার্যক্রমে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি ব্যবহৃত হয়। ফলে পানিসম্পদের সীমাবদ্ধতা মোকাবিলা এবং বিদ্যুৎ ব্যবহারে দক্ষতা নিশ্চিত করতে এআই-নির্ভর প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা বিবেচনায় নিয়ে স্মার্ট বিল্ড আরও দূরদর্শী কিছু প্রয়োগক্ষেত্র নিয়েও কাজ করছে। এর অংশ হিসেবে ২০৩০ সালের দিকে সম্ভাব্য মানববসতি বা মহাকাশ আবাসনের জন্য উন্নত পানি পর্যবেক্ষণ ও পুনর্ব্যবহার প্রযুক্তির প্রয়োজনীয়তা নিয়ে চীনভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক ধারণাগত আলোচনা চলছে।
স্মার্ট বিল্ডের নেতৃত্ব মনে করছে, আন্তর্জাতিক পর্যায়ে এসব সহযোগিতা ও আগ্রহ বাংলাদেশের প্রযুক্তি খাতের সক্ষমতার ইতিবাচক স্বীকৃতি। এর মাধ্যমে বাংলাদেশ শুধু আমদানিনির্ভর প্রযুক্তির ভোক্তা হিসেবে নয়, বরং বৈশ্বিক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে উদ্ভাবনী ও উচ্চপ্রযুক্তির পণ্য ও সেবা রপ্তানিকারক দেশ হিসেবেও নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারে।
দোহায় এ সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের প্রযুক্তি উদ্ভাবন, আন্তর্জাতিক বিনিয়োগ সহযোগিতা এবং পরিবেশবান্ধব সমাধান রপ্তানির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।











