বাংলাদেশে ৪৬ বছর পূর্তি উদযাপন করল সৌদিয়া, বৈশ্বিক সংযোগ জোরদারে এইচএসবিসির সঙ্গে যৌথ আয়োজন


বাংলাদেশে কার্যক্রমের ৪৬ বছর পূর্তি উপলক্ষে সৌদিয়া এবং এইচএসবিসি যৌথভাবে “Powering Global Connectivity – Celebrating Saudia’s Journey in Bangladesh” শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সৌদিয়া বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে সংযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে বাংলাদেশে পরিচালিত বৃহত্তম বিদেশি এয়ারলাইন্স হিসেবে সৌদিয়া প্রতি সপ্তাহে সর্বোচ্চ ৩৪টি ফ্লাইট পরিচালনা করছে। এর মাধ্যমে পরিবার-পরিজনের পুনর্মিলন, লাখো হজ ও ওমরাহ যাত্রীর ধর্মীয় সফর, প্রবাসী কর্মীদের যাতায়াত এবং দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখছে প্রতিষ্ঠানটি।
![]() |
![]() |
![]() |
![]() |
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।

এছাড়া অনুষ্ঠানে সৌদিয়ার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ট্রেজারি অ্যান্ড ট্যাক্সেশন) মোহাম্মদ আলসিলিমানি, বাংলাদেশে সৌদিয়ার কান্ট্রি ম্যানেজার সালমান এ. আলআলি এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সৌদিয়া বাংলাদেশে তাদের ৪৬ বছরের সফল যাত্রায় অবদান রাখা বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ও অংশীদারদের বিশেষ সম্মাননা প্রদান করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক ও জনসম্পর্ক আরও শক্তিশালী করতে নির্ভরযোগ্য বিমান যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও উন্নত সেবা, সংযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এদিকে, ১৬০ বছরের ঐতিহ্য বহনকারী আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসি জানায়, বিশ্বের ৫০টিরও বেশি বাজারে তাদের কার্যক্রম রয়েছে। বৈশ্বিক নেটওয়ার্কের পাশাপাশি স্থানীয় বাজার সম্পর্কে গভীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি আন্তঃসীমান্ত নগদ ব্যবস্থাপনা, বাণিজ্য অর্থায়ন, ট্রেজারি, ফাইন্যান্সিং এবং ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক সম্প্রসারণে সহায়তা দিয়ে যাচ্ছে।















