শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূরা কুমারা দিসানায়েকে। বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেসিডেন্সিয়াল সেক্রেটারিয়েটে দেশটির প্রেসিডেন্ট অনূরা কুমারা দিসানায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনন্দের সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেন এবং ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।
এ সময় তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। দুই দেশের সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করতে আগ্রহী।
সাক্ষাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ (Clean Sri Lanka) এবং দারিদ্র্য বিমোচনে ‘প্রজা শক্তি’ (Praja Shakthi) উদ্যোগের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমূলক উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট জ্বালানি চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা। এ ছাড়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির বিষয়েও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন তিনি।
সাক্ষাৎকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান হুমায়ুন কবির। পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।











