Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
ঢাকা-১১ আসনে ডা. এম এ কাইয়ুমের বিজয়ের পক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জোরালো আহ্বান - The Daily Dhaka Dialogue

June 13, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ঢাকা-১১ আসনে ডা. এম এ কাইয়ুমের বিজয়ের পক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জোরালো আহ্বান

ঢাকা-১১ আসনে ডা. এম এ কাইয়ুমের বিজয়ের পক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জোরালো আহ্বান

Image

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. এম এ কাইয়ুমের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে। এবারের ভোট হবে কারা মানুষের পাশে থাকে, সেটি দেখার ভোট।”

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) রাতে রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকার সানভ্যালি মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “১২ তারিখের নির্বাচনে শুধু ভোট দিলেই চলবে না, সঠিকভাবে নির্বাচন করতে হবে। কারা এলাকার মানুষের পাশে থাকে, বিপদের সময় কারা দেশের মানুষের পাশে দাঁড়ায়—সেটিই এবার বিবেচ্য বিষয়।”

গত তিনটি জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “আগের তিনটি নির্বাচনে ভোট নিয়ে নাটক হয়েছে। মানুষ ভোট দিতে পারেনি। এবার দেশের মানুষ ভোট দেবে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে।”

বিগত আওয়ামী সরকারের উন্নয়ন দর্শনের কঠোর সমালোচনা করে বিএনপি চেয়ারম্যান বলেন, “গত ১৬ বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মানুষের জীবনমান উন্নয়নের জন্য কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “শুধু ভোট দিলেই হবে না, সঠিক মানুষকে ভোট দিতে হবে। কারা মানুষের পাশে থাকে এবং কাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে—সেটি দেখতে হবে। এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা ও সুস্পষ্ট পরিকল্পনা শুধু বিএনপিরই আছে।”

দেশের অর্থনৈতিক সংকট ও বেকারত্ব প্রসঙ্গে তারেক রহমান বলেন, “উন্নয়নের নামে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এর ফলেই আজ তরুণদের একটি বড় অংশ বেকার। বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে এই সংকটের সমাধান করা হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছাতে হলে সবার আগে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকার গঠনের প্রথম দিন থেকেই মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এমন একটি পরিবেশ তৈরি করা হবে, যেখানে সবাই নিরাপদে থাকবে।”

এ সময় তিনি ডা. এম এ কাইয়ুমকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, “এই নির্বাচনে ধানের শীষের প্রার্থী ডা. এম এ কাইয়ুম। আজ আনুষ্ঠানিকভাবে তার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। ১২ তারিখ পর্যন্ত তাকে আপনারা দেখে রাখবেন।”

তারেক রহমান আরও বলেন, “ইনশা আল্লাহ ১২ তারিখ বিজয়ী হওয়ার পর ১৩ তারিখ থেকেই কাইয়ুমের দায়িত্ব হবে আপনাদের পাশে থাকা। বিপদে-আপদে পাশে থাকা, এলাকার উন্নয়নে কাজ করা। সে এই এলাকারই সন্তান। আগেও কাজ করেছে, এখন আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করবে।”

শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি দেশ ও মানুষের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

Scroll to Top