ডিপ্লোম্যাটিক ডেস্ক :
বাংলাদেশে নিযুক্ত হলি সি-ভ্যাটিকানের রাষ্ট্রদূত ও অ্যাপোস্টলিক নুনসিও Archbishop Kevin S. Randall আয়োজিত ভ্যাটিকানের জাতীয় দিবস উপলক্ষে কূটনৈতিক সংবর্ধনায় হলি সি-ভ্যাটিকান দূতাবাস এর আমন্ত্রণে অংশ নিয়েছেন দৈনিক ঢাকা ডায়ালগ-এর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ সজিবুল-আল-রাজীব। বুধবার (৬ মে, ২০২৬) রাজধানীতে অনুষ্ঠিত এই সংবর্ধনার আয়োজন করে হলি সি-ভ্যাটিকান দূতাবাস।

অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বাংলাদেশে নিযুক্ত অ্যাপোস্টলিক নুনসিও আর্চবিশপ কেভিন এস. র্যান্ডালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমন্ত্রণের জন্য ভ্যাটিকান দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বাংলাদেশ ও হলি সি’র সম্পর্ক শান্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবিক সহমর্মিতার অভিন্ন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। এই অংশীদারিত্ব ধর্মীয় সম্প্রীতি, আন্তঃধর্মীয় সংলাপ এবং মানবকল্যাণে উভয় দেশের অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ক্যাথলিক শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সামাজিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সরকার এ অবদান গভীরভাবে স্বীকার করে।

অনুষ্ঠানে বক্তব্যে অ্যাপোস্টলিক নুনসিও Archbishop Kevin S. Randall বাংলাদেশে ক্যাথলিক সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক অবদানের কথা তুলে ধরেন। তিনি জানান, দেশে প্রায় চার লাখ খ্রিস্টান জনগোষ্ঠীর জন্য ক্যাথলিক চার্চ পরিচালনা করছে পাঁচটি হাসপাতাল, ৮০টি মেডিকেল ক্লিনিক, ১২টি মাতৃসেবা কেন্দ্র ও চারটি নার্সিং স্কুল। এছাড়া রয়েছে একটি বিশ্ববিদ্যালয়, একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ, ২২টি কলেজ ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৯১টি স্কুল ও জুনিয়র হাইস্কুল, ২১৫টি প্রাথমিক বিদ্যালয় এবং ৪১৩টি কিন্ডারগার্টেন।

তিনি বলেন, “বাংলাদেশে আমরা খ্রিস্টানদের চেয়ে বেশি মুসলিম, হিন্দু ও বৌদ্ধ শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছি। ধর্ম, বর্ণ বা মতাদর্শের ভেদাভেদ ছাড়াই মানবকল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।











