ডেস্ক রিপোর্টঃ
পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন ও পুনঃখনন, পানির প্রবাহ বৃদ্ধি এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, টেকসই পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা, জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং কৃষি ও কৃষকের উন্নয়নের ওপর সরকার গুরুত্বারোপ করছে।
মঙ্গলবার (১৯ মে, ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ম্যানিফেস্টো অ্যাকশন : চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক নির্বাচনি ইশতেহারে পানি, নদী ও কৃষি অঙ্গীকার এবং তার বাস্তবায়ন বিষয়ে আয়োজিত ডায়ালগে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন এবং পুনঃখনন করা হবে। খাল খননের পাশাপাশি খালের অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, মেধাবীরা ছাত্র রাজনীতিতে আসলে যোগ্য নেতৃত্ব তৈরি হবে এবং দেশ উপকৃত হবে। জাতীয় কল্যাণ ও জনস্বার্থে মেধাবীদের ছাত্র রাজনীতিতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প পাস হয়েছে। পদ্মা ব্যারেজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবন-জীবিকা, কৃষি, মৎস্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং নদীতে নাব্যতা ফিরে আসবে। তিস্তা মহাপরিকল্পনার বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা সমাপ্ত হলে দ্রুত প্রকল্প অনুমোদনের আশ্বাসও প্রদান করেন তিনি।
ডায়ালগে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ, মীর মোহাম্মদ আলী, সিইজিআইএস-এর নির্বাহী পরিচালক মোঃ মোতালেব হোসেন সরকার প্রমুখ।











