বিজনেস ডেস্কঃ
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে ‘সবার বাজেট’ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এটি কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা বিশেষ শ্রেণির জন্য নয়; বরং দেশের সব মানুষের প্রয়োজন, সম্ভাবনা এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখেই প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, কৃষক, নারী, শিল্পী, থিয়েটারকর্মী, কামার-কুমার, তাঁতি, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের স্বার্থ এবারের বাজেটে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে। কোনো জনগোষ্ঠীই এই বাজেটের বাইরে নয় বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর শুক্রবার (১২ জুন, ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক এর গভর্নর মোস্তাকুর রহমান এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারও উপস্থিত ছিলেন।











