ডেস্ক রিপোর্টঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ মে, ২০২৬) সকালে আনসার-ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন এবং পরে সমাবেশে ভাষণ দেন।

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সুশৃঙ্খল কোনো বাহিনীর জন্য চেইন অব কমান্ড ও শৃঙ্খলা মেনে চলা অপরিহার্য। তিনি সতর্ক করে বলেন, শৃঙ্খলার সামান্য ঘাটতিও জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে। তিনি আরও বলেন, বাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম ও শৃঙ্খলার মাধ্যমে আনসার ও ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তিনির্ভর, মানবিক ও সামাজিক উন্নয়নমুখী বাহিনী হিসেবে আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনসম্পৃক্ততা ও তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও উন্নয়ন কর্মকাণ্ডে অবদানের মাধ্যমে আনসার ও ভিডিপি ইতোমধ্যে একটি বহুমাত্রিক জনমুখী বাহিনীতে পরিণত হয়েছে। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, সে সময় বাহিনীর সদস্যরা থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দায়িত্ব সফলভাবে পালন করেছে। একই সঙ্গে তারা সামাজিক সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর সেবায়ও সক্রিয় ভূমিকা রেখেছে।

মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৪০ হাজার সদস্য রাইফেল নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ৬৭০ জন শহীদ হন। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সমাবেশ শেষে প্রধানমন্ত্রী একাডেমি প্রাঙ্গণে তাঁত ও বুনন শিল্প, মৃৎশিল্প, গবাদিপশু খামার এবং জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এটিএম শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।











