ডেস্ক রিপোর্টঃ
দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ কৃষি অঞ্চলকে মরুময়তা থেকে রক্ষা এবং শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সরকার ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ গ্রহণ করেছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। প্রকল্পটি ২০৩৩ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী জানান, প্রস্তাবিত এই প্রকল্প দেশের মোট আয়তনের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় প্রভাব ফেলবে, যেখানে প্রায় সাড়ে ৬ কোটি মানুষের বসবাস। তিনি বলেন, এটি শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং নদীনির্ভর জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী উদ্যোগ হিসেবে বিবেচিত।
তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের ধারণা নতুন নয়; ১৯৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত চারটি সমীক্ষা পরিচালনা করা হয়। পরবর্তীতে ২০০২ সালে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়।
২০০৪ সালে ৪৫ কোটি টাকা ব্যয়ে একটি বিস্তারিত সমীক্ষা প্রকল্প হাতে নেওয়া হয়, যা ২০১৩ সালে সম্পন্ন হয়। ওই সমীক্ষার ভিত্তিতেই প্রকল্পের পূর্ণাঙ্গ নকশা চূড়ান্ত করা হয়েছে বলে জানান মন্ত্রী।
পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও পদ্মা ব্যারেজ নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকল্পের ডিপিপি প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। ২০২৬ সাল থেকে শুরু হয়ে ২০৩৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।











