ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (AKDN)-এর লিসবনভিত্তিক কূটনৈতিক প্রতিনিধি এবং কিংস কাউন্সেল (KC) Mr. Farouk S. Adatia সোমবার (১৫ জুন, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী Ms. Shama Obaed Islam-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে মি. আদাতিয়া বাংলাদেশ সরকারের নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর দেশের পররাষ্ট্রনীতির পুনরুজ্জীবনের প্রশংসা করেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী Dr. Khalilur Rahman-এর নির্বাচিত হওয়া এবং এর আগে ইউনেস্কো জেনারেল কংগ্রেসের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন সরকারের অগ্রাধিকারকে কেন্দ্র করে বাংলাদেশে বেসরকারি খাতের অর্থায়ন সম্প্রসারণে AKDN গভীর আগ্রহী। দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় আগা খান নেটওয়ার্কের অবদানের প্রশংসা করেন। তিনি নতুন সরকারের ভবিষ্যতমুখী পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট অগ্রাধিকার অনুযায়ী সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বিশেষভাবে মেয়েদের শিক্ষা ও নারী ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, গ্রামীণ নারীদের সম্ভাবনা কাজে লাগিয়ে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বিকাশের বিপুল সুযোগ রয়েছে। পাশাপাশি আগা খান একাডেমির মাধ্যমে শিক্ষা কারিকুলাম আধুনিকীকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, ভাষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা হয়।
উভয় পক্ষ রোহিঙ্গা মানবিক ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে সম্ভাব্য AKDN সম্পৃক্ততার বিষয়েও মতবিনিময় করেন।
সাক্ষাতে ভবিষ্যতে উপযুক্ত সময়ে আগা খান পরিবারপ্রধান His Highness Rahim Aga Khan V-এর বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এর আগে AKDN প্রতিনিধি দল পররাষ্ট্র সচিবের সঙ্গেও সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।











