ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর প্রকল্প দুই দেশের শিক্ষা সহযোগিতা ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সোমবার (১১ মে, ২০২৬) রাজধানীর Radisson Blu Dhaka Water Garden হোটেলে অনুষ্ঠিত ‘Launching Ceremony of the 2nd Phase of Pakistan-Bangladesh Knowledge Corridor & Inauguration of Education Expo-2026’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।




মন্ত্রী জানান, এই প্রকল্পের প্রথম পর্যায়ে ইতোমধ্যে ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। দ্বিতীয় পর্যায়েও মেধাবী শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সুযোগ সৃষ্টি করা হয়েছে।
তিনি বলেন, “পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান অত্যন্ত উন্নত। বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে কোনো খরচ ছাড়াই পড়াশোনার সুযোগ পাচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষার্থীদের আবাসন ও জীবনযাত্রার জন্য মাসিক যে বৃত্তি প্রদান করা হচ্ছে, তা তাদের পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে সহায়ক হবে।”


অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, শিক্ষাসচিব আব্দুল খালেক, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধি এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।











