ডেস্ক রিপোর্টঃ
তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা এবং উদ্যোক্তা দক্ষতা বিকাশের লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার জেলা পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (১৪ জুন, ২০২৬) রাজধানীর বিএএফ শাহীন কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর সদস্যদের হাতে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করে রাজউক উত্তরা মডেল কলেজ এবং তৃতীয় স্থান লাভ করে হলিক্রস উচ্চ বিদ্যালয়। প্রতিটি দলে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষকসহ মোট পাঁচজন সদস্য ছিলেন।

জেলা পর্যায়ের এই চূড়ান্ত প্রতিযোগিতায় মোট ১৮৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উদ্যোক্তা ধারণা প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।











