ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপরই তাঁর সবচেয়ে বেশি নির্ভরতা। তাই নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সে বিষয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-কে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জুন, ২০২৬) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন। তবে দায়িত্ব পালন করতে গিয়ে সাধারণ জনগণ যেন কোনো ধরনের দুর্ব্যবহারের শিকার না হয়, সে বিষয়েও বিশেষভাবে সতর্ক থাকতে হবে।”

এসএসএফ-এর প্রতিষ্ঠাকালীন সময়ের সঙ্গে বর্তমান সময়ের ব্যাপক পার্থক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে আর্থ-সামাজিক, রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক বাস্তবতা এবং তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের কারণে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, “একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে এসএসএফ-এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই।”
প্রধানমন্ত্রী জানান, দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর মধ্য থেকে দক্ষ কর্মকর্তাদের বাছাই করে এসএসএফ গঠন করা হয়। দায়িত্ব পালনের আগে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিষয়ে তাদের দেশ-বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করতে হয়।
এসএসএফ-কে আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও আরও কর্মদক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
এসএসএফ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন—এটাই আমার প্রত্যাশা।”
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, এসএসএফ প্রধান এবং বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।











