কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নিহত, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়


ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে বুধবার (১৯ আগস্ট ২০২৬) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় বাংলাদেশি নাগরিক।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেন।
স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অগ্নিকাণ্ডে মোট নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ পরিচয় নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তবে নিহত অন্যদের পরিচয় এখনো স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।
নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন।
এদিকে, অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশি নাগরিকদের সার্বক্ষণিক সহযোগিতা নিশ্চিত করতে উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
ঘটনার পর বাংলাদেশ উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে উপ-হাইকমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।











