বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে বাণিজ্য ও সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ


বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হোসনে আরা বেগমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার অনাবাসিক হাইকমিশনার হাই কমিশনার মোস্তফা জাওয়ারা সৌজন্য সাক্ষাৎ করলে এ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও গাম্বিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের ও সক্রিয়ভাবে পরিচালনার জন্য গাম্বিয়া সরকারকে প্রশংসা করেন। তিনি বলেন, মামলাটির সফল নিষ্পত্তি রোহিঙ্গাদের নিজ দেশে স্বেচ্ছায় প্রত্যাবাসনের বিষয়ে তাদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উভয় পক্ষ জাতিসংঘ ও এর অঙ্গসংগঠন, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), কমনওয়েলথ এবং জোটনিরপেক্ষ আন্দোলনসহ (ন্যাম) বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশ ও গাম্বিয়ার পারস্পরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে।
সাক্ষাতে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য, বাণিজ্যিক কার্যক্রম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), কৃষি, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, হালকা প্রকৌশল, জাহাজ নির্মাণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হাইকমিশনারের প্রতি আহ্বান জানান।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর ও মতবিনিময় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অন্যদিকে, গাম্বিয়ায় ডিজিটাল জনসেবা অবকাঠামো বাস্তবায়নে বাংলাদেশের আইসিটি বিশেষজ্ঞদের অবদানের প্রশংসা করেন হাইকমিশনার মোস্তফা জাওয়ারা। পাশাপাশি দুই দেশের মধ্যে রাজনৈতিক পরামর্শবিষয়ক (Political Consultation) চুক্তি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি।
সাক্ষাতে বাংলাদেশ ও গাম্বিয়ার বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।











