হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের


প্রায় ছয় মাস ধরে চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে তেহরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) নিউইয়র্কের গার্ডেন সিটির নাসাউ কাউন্টি পুলিশ একাডেমিতে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, “ইরানকে পরাজিত করার কাজ শেষ হলে, যা এখন খুব খারাপভাবে পরাজিত হচ্ছে—খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।”
এর আগে একই দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজকে ওই জলপথে চলাচল করতে দেওয়া হবে না।
ট্রাম্প আরও বলেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হবে। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, তেহরানের বিরুদ্ধে নজিরবিহীন নতুন অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। চলমান সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এই জলপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও।
তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের দাবি পরস্পরবিরোধী। ইরানও প্রণালিটির ওপর নিজেদের নিয়ন্ত্রণের দাবি করে আসছে এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের দাবিকে প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের ফলে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও নতুন উদ্বেগ দেখা দিয়েছে।











