ডিপ্লোম্যাটিক ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং (Li Guoying)। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ এবং পানি সম্পদ উন্নয়নে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সকাল ১০টায়) বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশে চলমান নদী খনন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন এবং বিশেষভাবে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন।
জবাবে চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এ খাতে দুই দেশের বিদ্যমান সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।
প্রধানমন্ত্রী বাংলাদেশের নদীভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নৌ-নেভিগেশন সক্ষমতা বৃদ্ধিতে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় লি গুয়িং বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
বৈঠকে উভয় পক্ষ পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী পুনরুদ্ধার এবং জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।











