ডেস্ক রিপোর্টঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দেশের কৃষকের সার্বিক উন্নতি এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের সুদূরপ্রসারী লক্ষ্য নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। তিনি আক্ষেপ করে বলেন, শহীদ জিয়ার পর যারা বিভিন্ন সময়ে ক্ষমতায় এসেছেন, তারা নদী-খাল খনন তো করেনইনি, বরং নদী-খাল দখলে মত্ত ছিলেন।
রবিবার (২৬ এপ্রিল, ২০২৬) রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ও কুতুকছড়ি ইউনিয়নে কয়েকটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আজ সাপছড়ি ও কুতুকছড়ি ইউনিয়নে ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রায় ৩৩ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখনন কাজের সূচনা করেন। এর মধ্যে রয়েছে মানিকছড়ি ছড়া ব্রিজ হতে বড়পাড়া নালা পর্যন্ত খনন। এছাড়া কুতুকছড়ি বাজার হয়ে মোনতলা পর্যন্ত মাউরুম ও বগাছড়ি পর্যন্ত খাল খনন।
মন্ত্রী বলেন, সরকার ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় আবারও দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে শুধু কৃষি উৎপাদনই বাড়বে না, বরং এই এলাকায় নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। স্থানীয় কর্মক্ষম ব্যক্তিদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে সরকার বিশেষ প্রকল্প গ্রহণ করছে, যা পার্বত্য অঞ্চলের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) রবীন্দ্র চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহাম্মদ সফি, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।











