April 4, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম

কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম

Image

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেডের স্যাম্পল সেকশন থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট। এ ঘটনায় ফ্যাক্টরির এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম রিয়াদুল ইসলাম সিয়াম (১৯)। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার রতনপুর গ্রামের ওসমান গণির ছেলে।

সিআইডি সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১০টা থেকে ১৫ মার্চ ভোর ৬টার মধ্যে অজ্ঞাতনামা চোরচক্র সিসিটিভি ক্যামেরার এনভিআর রেকর্ডিং সিস্টেম বন্ধ করে কৌশলে স্যাম্পল সেকশন থেকে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

ঘটনার পর ফ্যাক্টরি কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি সিআইডিকে অবহিত করা হয়। পরে সিআইডি গাজীপুর ইউনিটের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন ও ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ফ্যাক্টরির কর্মচারী রিয়াদুল ইসলাম সিয়ামের সম্পৃক্ততা পাওয়া যায়।

পরবর্তীতে ২ এপ্রিল রাতে সিআইডি অভিযান চালিয়ে আসামির দেখানো মতে তার ভাড়া বাসা এবং ঘটনাস্থলের পাশের জরুরি সিঁড়ির সানশেড থেকে চুরি হওয়া ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ ও মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে অনলাইনের মাধ্যমে চুরি করা কিছু সরঞ্জাম বিক্রি করেছে। তার কাছ থেকে বিক্রির ২২ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আইডি ও ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ আত্মসাৎ করার বিষয়েও সে স্বীকারোক্তি দিয়েছে। তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৬টি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা (নম্বর-০৮, তারিখ ৩ এপ্রিল ২০২৬, ধারা ৩৮১/৪১১ পেনাল কোড) রুজু হয়েছে। মামলাটি বর্তমানে সিআইডির গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট তদন্ত করছে।

Scroll to Top