July 2, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • জাতীয় কবির স্মরণে বছরব্যাপী আয়োজন ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় কবির স্মরণে বছরব্যাপী আয়োজন ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদ্‌যাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক অনন্ত প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ।

প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি রাষ্ট্র ও সমাজে এমন কিছু ক্ষণজন্মা মানুষ জন্ম নেন, যারা আমাদের আর্থ-সামাজিক, রাজনৈতিক জীবন, সাহিত্য, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ, সামাজিক দর্শন এবং মনোজগতে গভীর প্রভাব বিস্তার করেন। কবি নজরুল তেমনই একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। কৈশোর থেকে পরিণত বয়স—জীবনের প্রতিটি পর্যায়ে তাঁর প্রভাব অপরিসীম।”

তিন দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর লোগো এবং স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম. ছালেহ (সালেহ শিবলী)সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী, শিল্পী ও দেশের বিশিষ্টজনেরা।

‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উপলক্ষে বছরব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও গবেষণামূলক কর্মসূচি আয়োজন করা হবে।

Scroll to Top