March 5, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ দিয়েছেন। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন তিনি।

বুধবার (৪ মার্চ, ২০২৬) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ সংক্রান্ত সেলের সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মসূচির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে জানান, সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সভায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, সরকারি নার্সারির পাশাপাশি বিভিন্ন বেসরকারি নার্সারি থেকেও বৃক্ষের চারা সংগ্রহ করা হবে। সারাদেশে খাসজমি, চরাঞ্চল, নদীর দুই পাড়, সড়ক-মহাসড়কের দুই পাশ, বনাঞ্চলের বৃক্ষহীন এলাকা এবং সরকারি প্রতিষ্ঠানের আঙ্গিনাসহ বিভিন্ন স্থানে এসব বৃক্ষরোপণ করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে প্রতি শিক্ষার্থীকে একটি করে বৃক্ষরোপণ এবং তা পরিচর্যার দায়িত্ব দেওয়ার বিষয়টিও সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

সভায় বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top