নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের লস্করচালা আইডিয়াল পাবলিক স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা–২০২৬। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মজিবুর রহমান শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের মার্কা ধানের শীষ। শিক্ষার্থীদের কাছে আমার বিশেষ অনুরোধ—তোমরা তোমাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে আমার সালাম পৌঁছে দিও এবং আমার জন্য দোয়া করতে বলো।”
তিনি আরও বলেন, ধানের শীষ বিজয়ী হলে কাশিমপুর এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যাগুলো সমাধানে তিনি অগ্রাধিকার দেবেন। “বিশেষ করে ভাঙা ব্রিজের সমস্যাটি আমার প্রথম কাজ হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য সমস্যাও সমাধান করা হবে,”—বলেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











